
মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধি:উৎসবমুখর পরিবেশে আশুলিয়া এলাকার প্রায় ৪ শতাধিক কৃতী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বিকেলে সাভার ক্যান্টনমেন্টের ট্রাস্ট টেকনিক্যাল ইনস্টিটিউট (টিটিআই) মাল্টিপারপাস হলে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নবগঠিত আশুলিয়া শাখার অভিষেক অনুষ্ঠানও একই সাথে উদযাপিত হয়।
আশুলিয়া অঞ্চলের মোট ৩০টি বিদ্যালয়ের ৭ শত ৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে অনন্য মেধার স্বাক্ষর রাখা ৩৭০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে অনুষ্ঠানে বিশেষ সম্মাননা ও পুরস্কারে ভূষিত করা হয়।
সংগঠনের আশুলিয়া শাখার সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর (অবঃ) মোঃ জসিম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
আজকের এই কোমলমতি শিক্ষার্থীদের মেধাই হবে আগামীতে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এখন থেকেই এদের মনে গভীর দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও সৎ চিন্তার বীজ বুনে দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি ড. এল এম কামরুজ্জামান এবং মহাসচিব জয়নুল আবেদীন জয়। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আব্দুল মালেকসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের অন্যান্য কর্মকর্তা ও নেতৃবৃন্দ।
বক্তারা প্রাথমিক স্তরের শিক্ষার মানোন্নয়নে কিন্ডারগার্টেন স্কুলগুলোর ভূমিকার প্রশংসা করেন এবং শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনে শিক্ষক ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টার ওপর তাগিদ দেন। মেডেল, সনদপত্র ও পুরস্কার হাতে পেয়ে কৃতী শিক্ষার্থীদের হাসিমুখ এবং অভিভাবকদের উচ্ছ্বাস অনুষ্ঠানস্থলে এক দারুণ আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা