
চট্টগ্রাম প্রতিনিধিঃ জাতীয় ক্রিকেট দলের অফ-স্পিনার নাঈম হাসানকে হেনস্তা ও মারধরের অভিযোগের ঘটনায় চট্টগ্রাম মহানগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানকে প্রত্যাহার করে লাইনওয়ারে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে খুলশী ও বাকলিয়া থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে খুলশী থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে সিএমপির সিটিএসবির পুলিশ পরিদর্শক মো. জাহেদুল কবিরকে বাকলিয়া থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
জানা যায়, শুক্রবার রাতে ঢাকা থেকে চট্টগ্রামে ফেরার পর সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফিরছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান। পথে লালখান বাজার এলাকায় এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তার গাড়ি থামিয়ে তল্লাশি চালায়। নাঈমের অভিযোগ, জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয় দেওয়ার পরও তাকে মারধর করা হয় এবং খুলশী থানায় নিয়ে যাওয়া হয়।
নাঈম আরও অভিযোগ করেন, থানায় নেওয়ার পর ওসির কক্ষেও তিনি হেনস্তার শিকার হন। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালের হস্তক্ষেপে পরিস্থিতির পরিবর্তন ঘটে এবং তাকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরই মধ্যে অভিযুক্ত এসআই শফিকুল ইসলামসহ তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও প্রত্যাহার করা হয়েছে।
এদিকে, একই আদেশে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে খুলশীতে বদলি করা হয়েছে। সম্প্রতি এসএসসি পরীক্ষার্থী মো. এইদুল আলমকে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দেওয়ার অভিযোগে তিনি সমালোচনার মুখে পড়েন। পরিবারের দাবি, থানায় আটক অবস্থায় পুলিশি পাহারায় হলেও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চাওয়া হয়েছিল, তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়।
দুই আলোচিত ঘটনার পর একই দিনে দুই থানার ওসিকে সরিয়ে দেওয়ার ঘটনায় নগরজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে সিএমপি কর্তৃপক্ষ এ বদলিকে নিয়মিত প্রশাসনিক রদবদল হিসেবে উল্লেখ করেছে।
সিএমপির সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা