ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের বর্নি গ্রামে এক বর্গাচাষির স্বপ্ন রাতের আঁধারে ধূলিসাৎ করে দিয়েছে দুর্বৃত্তরা। কৃষক মোহর আলীর আড়াই বিঘা জমির ফলন্ত শসা গাছ কেটে নষ্ট করে দিয়েছে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। বৃহস্পতিবার সকালে মাঠে গিয়ে নিজের শ্রমের এই করুণ দশা দেখে কান্নায় ভেঙে পড়েন ওই কৃষক।
ভুক্তভোগী মোহর আলী জানান, অনেক কষ্ট ও ধার-দেনা করে তিনি ২.৫ বিঘা জমিতে শসার আবাদ করেছিলেন। গাছগুলো বেশ সতেজ হয়ে উঠেছিল এবং কয়েকদিনের মধ্যেই বাজারে শসা বিক্রির প্রস্তুতি চলছিল। কিন্তু গত ১৮ ফেব্রুয়ারি (বুধবার) দিবাগত রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা তার ক্ষেতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে সব শসা গাছ গোড়া থেকে কেটে দিয়ে যায়।
সকালে মাঠে গিয়ে মোহর আলী দেখেন, পুরো ক্ষেতের গাছগুলো নুইয়ে পড়ে আছে। মুহূর্তের মধ্যেই তার লাখ টাকার স্বপ্ন মাটিতে মিশে গেছে। তিনি বলেন, "আমি এখন কী করে দেনা শোধ করব আর পরিবার চালাব? যারা আমার এই ক্ষতি করেছে, আমি তাদের বিচার চাই।"
এদিকে এই অমানবিক ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকার অন্য কৃষকদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। বর্নি গ্রামের বাসিন্দারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবিলম্বে তদন্ত সাপেক্ষে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন যাতে ভবিষ্যতে আর কোনো কৃষকের এমন অপূরণীয় ক্ষতি না হয়।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা