
নূরুজ্জামান ফারুকী,হবিগঞ্জ থেকে॥ কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের নদ-নদীর পানি বেড়েই চলেছে। সময় যত বাড়ছে ততই ফুসে উঠছে নদীগুলো। এমতাবস্থায় হাওরের কৃষক ও নদী পাড়ের বাসিন্দাদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক।।হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্যমতে, জেলার সবকটি নদ-নদীর পানি এখনও বিপৎসীমা অতিক্রম করেনি। তবে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী খোয়াই নদীর চুনারুঘাট উপজেলার বাল্লা অংশে ৬৮, শায়েস্তাগঞ্জ অংশে ৩৬৭, সদর উপজেলার মাছুলিয়া অংশে ১৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর নবীগঞ্জ শেরপুর অংশে ২৪২, বানিয়াচং উপজেলা মার্কুলি অংশে ১৪৬, আজমিরীগঞ্জে ১১৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সুতাং নদীর শায়েস্তাগঞ্জ অংশে ৩৭ সেন্টিমিটার ও সোনাই নদীর মাধবপুর অংশে ৫৬১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। এ বিষয়ে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা