
মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধি:সাভারের আশুলিয়াস্থ পাথালিয়া ইউনিয়নে প্রান্তিক ও অবহেলিত নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকালে ঘুঘুদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পাথালিয়া ইউনিয়ন পরিষদের সার্বিক বাস্তবায়নে এ কল্যাণমুখী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শুধু সাময়িক অনুদান না দিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর হাতে আয়ের সুনির্দিষ্ট পথ তুলে দেওয়াই প্রকৃত উন্নয়ন। এই ৫০টি পরিবারকে সেলাই মেশিন বিতরণের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার ব্যবস্থা করা হলো। তিনি আরও জানান, আগামী দিনে এলাকার নারী উন্নয়ন ও অবকাঠামোগত সমস্যা সমাধানে কাজ অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম। তিনি বলেন, একজন মানুষকে মাছ কিনে না খাইয়ে তাকে মাছ ধরার সরঞ্জাম কিনে দিলে এবং শেখালে সে প্রতিদিন নিজের উপার্জনে খেতে পারেন। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের প্রাপ্ত সেলাই মেশিনের সঠিক ব্যবহার ও যত্নের ওপর গুরুত্বারোপ করেন।
পাথালিয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন রানা-র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম। সভাপতি তাঁর বক্তব্যে জানান, ১ম পর্যায়ে ৫০ জন দুঃস্থ নারীকে প্রশিক্ষণ ও সেলাই মেশিন প্রদান করা হলো। পর্যায়ক্রমে প্রতি ছয় মাস অন্তর নতুন নতুন পরিবারকে এই কর্মসূচির আওতায় এনে স্বাবলম্বী করার প্রক্রিয়া চালু থাকবে।
অনুষ্ঠানে বক্তারা দীর্ঘদিন ধরে অসুস্থ ও ভারতে চিকিৎসাধীন স্থানীয় বর্ষীয়ান নেতা ও পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবদুস সুবহান সাহেবের দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে বিশেষ দোয়া প্রার্থনা করেন।
আয়োজন শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের হাতে নতুন সেলাই মেশিন তুলে দেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সুবিধাভোগী নারী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা