
ছাম্মি আহমেদ আজমীর : শিক্ষকদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে বায়োল্যাব ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের মাঝে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা, সঠিক খাদ্যাভ্যাস,নিয়মিত শরীরচর্চা এবং সময়মতো স্বাস্থ্য পরীক্ষা করার গুরুত্ব তুলে ধরা হয়।
এসময় উপস্থিত ছিলেন,গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো:আবুল কাশেম,
বায়োল্যাব ডায়াগনস্টিক সেন্টারের এমডি ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য ডা:বিপ্লব চন্দ্র বর্মন,শিক্ষক প্রতিনিধি মো: মনোয়ারুল ইসলাম,অফিস সহকারী অসীত সূত্রধরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।
বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো. আবুল কাশেম বলেন, শিক্ষকরা একটি সমাজের আলোকবর্তিকা। শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই তাঁদের সুস্থতা ও মানসিক প্রশান্তি অত্যন্ত জরুরি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতার মাধ্যমে অনেক রোগ প্রাথমিক পর্যায়েই শনাক্ত করা সম্ভব। শিক্ষক-শিক্ষিকাদের জন্য বায়োল্যাব ডায়াগনস্টিক সেন্টারের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও সময়োপযোগী। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকলে শিক্ষক সমাজসহ সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা আরও বৃদ্ধি পাবে।
বায়োল্যাব ডায়াগনস্টিক সেন্টারের এমডি ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য ডা:বিপ্লব চন্দ্র বর্মন বলেন,ডায়াবেটিস বর্তমানে একটি নীরব ঘাতক হিসেবে পরিচিত। তবে সচেতনতা,নিয়মিত পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস ও নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে এ রোগ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। শিক্ষক-শিক্ষিকারা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের সুস্থতা নিশ্চিত করা মানে একটি সুস্থ প্রজন্ম গঠনে ভূমিকা রাখা। সেই ভাবনা থেকেই শিক্ষক-শিক্ষিকাদের জন্য বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার এ আয়োজন।তিনি আরও বলেন,মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য সচেতনতার বার্তা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। শুধু রোগ নির্ণয় নয়,রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যকর জীবনযাপনে মানুষকে উৎসাহিত করাও আমাদের দায়িত্ব। ভবিষ্যতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য এ ধরনের জনকল্যাণমূলক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালনা করার পরিকল্পনা রয়েছে। সম্মিলিত সচেতনতার মাধ্যমেই একটি সুস্থ,সুন্দর ও সচেতন সমাজ গড়ে তোলা সম্ভব।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা বায়োল্যাব ডায়াগনস্টিক সেন্টারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,কর্মব্যস্ততার কারণে অনেক সময় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়ে ওঠে না। কর্মস্থলে এ ধরনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা আয়োজন শিক্ষক-শিক্ষিকাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় উৎসাহিত করবে।
উল্লেখ্য: শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের উদ্যোগ শুধু একটি স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম নয় বরং একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনের ইতিবাচক ও মানবিক প্রয়াস।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা