
মোঃ ইমরান হোসেন হৃদয়,শার্শা(যশোর)প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (৭ জুন) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত শার্শা উপজেলা বিএনপির কার্যালয় ও উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মানববন্ধনটি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শার্শা থানা পর্যন্ত বিস্তৃত হয়।
মানববন্ধনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা দাবি করেন, অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুর বিরুদ্ধে দায়ের করা মামলাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাকে রাজনৈতিকভাবে হয়রানি, সামাজিকভাবে হেয়প্রতিপন্ন এবং তার দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ন করার লক্ষ্যে এ মামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
বক্তারা বলেন, বিগত প্রায় ১৭ বছর ধরে বিএনপি ও বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের বিভিন্ন মামলা-মোকদ্দমায় আইনি সহায়তা দিয়ে আসছেন অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু। একজন আইনজীবী ও রাজনৈতিক নেতা হিসেবে তিনি এলাকায় ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। তার বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তারা।
এ সময় বক্তারা শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নিরপেক্ষতা বজায় রেখে ঘটনাটি পুনঃতদন্তের আহ্বান জানান। একই সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ, উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদক পারুল খাতুন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা, সাবেক যশোর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক খান মোহাম্মদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা আরও অভিযোগ করেন, শার্শার রাজনৈতিক ব্যক্তি মশিয়ার রহমানের ছেলে কনস্টেবল মামুন হাসান জুয়েলকে ঘিরে বিভিন্ন প্রশ্ন রয়েছে। তার পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সন্ত্রাস, মাদক ব্যবসা ও চোরাচালানসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে দাবি করেন তারা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।
মানববন্ধন শেষে নেতাকর্মীরা ঘোষণা দেন, অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুর বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহার, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। দাবি আদায় না হলে পর্যায়ক্রমে থানা ঘেরাও, সড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
উল্লেখ্য, গত ৪ জুন বিকেলে শার্শায় অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুকে গ্রেফতারের চেষ্টা চালায় থানা ও ডিবি পুলিশ। তবে স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক নেতাকর্মীদের বাধার মুখে পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা