মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধি :
সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ১৪০তম মহান মে দিবস। শুক্রবার (০১ মে) সকাল থেকেই "দুনিয়ার মজদুর এক হও" স্লোগানকে সামনে রেখে সাভার উপজেলায় বিভিন্ন শ্রমিক সংগঠন ও সামাজিক প্রতিষ্ঠানের উদ্যোগে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় অবস্থিত চামড়া শিল্প নগরীতে এক বিশাল র্যালি ও আলোচনা সভার আয়োজন করে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন। সভায় বক্তারা ট্যানারি শিল্পের শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি ও জীবনমান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার জন্য মালিকপক্ষের প্রতি জোর দাবি জানান।
অপরদিকে মে দিবস উপলক্ষে সাভারের মজিদপুর এলাকায় সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশন (SWRF)-এর উদ্যোগে কেন্দ্রীয় শ্রমিক সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়। সংগঠনের পক্ষ থেকে উত্থাপিত দাবিসমূহের মধ্যে উল্লেখযোগ্য ছিল, জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করা, শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধ করা, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও রেশনিং ব্যবস্থা চালু করা।
সাভার ও আশুলিয়ার বিভিন্ন পয়েন্টে শ্রমিক সংগঠনগুলো ব্যানার ও ফেস্টুন হাতে রাজপথে নেমে আসে। মে দিবসের এসব সভা থেকে বক্তারা বলেন, "মে দিবসের ঘোষণা, শ্রমিক আর বেওয়ারিশ লাশ হবে না।" শ্রমিক নেতারা অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন এবং ছাঁটাইয়ের কারণে মানবেতর জীবন যাপন করছেন। সকল বন্ধ কারখানা অনতিবিলম্বে চালু এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধের জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানান।
এদিকে সকাল থেকে বিকেল পর্যন্ত সাভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন সংগঠন ও শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায় মে দিবসের র্যালি এবং আলোচনা সভায় অংশগ্রহণ করতে লক্ষ্য করা গেছে।
০১-০৫-২০২৬
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা