
ছাম্মি আহমেদ আজমীর:সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শতাব্দীর প্রাচীনতম প্রায় দুই শত বছরের শ্রী শ্রী কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির আয়োজনে রথযাত্রা উৎসব উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে কালীবাড়ী সড়কে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সুষ্ঠু,সুন্দর,শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়। এতে আশপাশের এলাকায় হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী ভক্তের পদচারণায় মুখর হয়ে ওঠে। ধর্মীয় আচার-অনুষ্ঠান,পূজা-অর্চনা,ভক্তিমূলক সংগীত এবং রথের বর্ণাঢ্য শোভাযাত্রাকে ঘিরে সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ। বিভিন্ন বয়সের নারী-পুরুষ, শিশু-কিশোর ও প্রবীণ ভক্তরা স্বতঃস্ফূর্তভাবে এ উৎসবে অংশ নেন।
শ্রী শ্রী কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি জীবন কুমার বিশ্বাস বলেন,রথযাত্রা আমাদের সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। দীর্ঘদিনের ঐতিহ্য ও সম্প্রীতির ধারাবাহিকতায় এ বছরও সকলের আন্তরিক সহযোগিতায় অত্যন্ত সুন্দর,সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন হয়েছে। আমরা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী,গণমাধ্যমকর্মী, স্বেচ্ছাসেবক এবং সর্বস্তরের ভক্তবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে এ উৎসব আরও বৃহৎ পরিসরে আয়োজনের প্রত্যাশা করছি।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রনজিত মন্ডল স্বপন বলেন, রথযাত্রা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি সম্প্রীতি,ভালোবাসা ও মানবিক মূল্যবোধের এক অনন্য মিলনমেলা। সকলের সহযোগিতা ও অংশগ্রহণে এ বছরের আয়োজন সফল হয়েছে। আমরা বিশ্বাস করি এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন সমাজে শান্তি,সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও সুদৃঢ় করবে।
উল্লেখ্য: কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের রথযাত্রা সফল করা লক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা,শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনায় জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,স্বেচ্ছাসেবক এবং মন্দির কমিটির সদস্যরা দায়িত্বশীল ভূমিকা পালন করেন। ফলে পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। উৎসব শেষে ভক্তরা আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রা উপলক্ষে আবারও একই উৎসাহ-উদ্দীপনায় মিলিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা