রাসেল হোসাইন, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃনারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। গতকাল ভোরে কাঁচপুর বিসিক শিল্প এলাকার একটি তিনতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—মানব চৌধুরী (৪০), তাঁর স্ত্রী বাছা চৌধুরী (৩৮), মেয়ে তিন্নি চৌধুরী (১২), মুন্নি চৌধুরী (১৪) ও মৌরি চৌধুরী (৬)। তাদেরকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মানবের শরীরের প্রায় ৭০ শতাংশ, বাছার ৪৫ শতাংশ, তিন্নির ২২ শতাংশ, মুন্নির ২৮ শতাংশ ও মৌরির ৩৬ শতাংশ দগ্ধ হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কাঁচপুর স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ‘ঘরের ভেতরে রান্নার জন্য সিলিন্ডার ব্যবহার করা হতো। নিচতলায় ঘর হওয়ায় চুরির ভয়ে রাতে দরজা-জানালা বন্ধ ছিল। এতে লিকেজ থেকে গ্যাস জমে চেম্বারের মতো পরিবেশ তৈরি হয়। ভোরে কোনো এক উৎস থেকে আগুন ধরে বিস্ফোরণ ঘটে।’
প্রতিবেশী সবিনয় দাস জানান, মানব তার পরিবার নিয়ে বাড়িটির নিচতলার একটি কক্ষে ভাড়া থাকেন। সেই কক্ষেই রান্নাঘর ও বাথরুম ছিল। ভোরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর ছুটে গিয়ে দেখা যায় পরিবারের সদস্যরা দগ্ধ অবস্থায় চিৎকার করছেন। পরে গাড়ির ব্যবস্থা করে তিনি তাদের হাসপাতালে নিয়ে যান।
সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা রাশেদুল হাসান খান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা