শাহরিয়ার খান নাফিজ, হবিগঞ্জঃ হবিগঞ্জে শুরু হয়েছে দুই সাহিত্য-সংস্কৃতি ব্যক্তিত্বকে ঘিরে আয়োজিত ‘পার্থ-সঞ্জীব জন্মোৎসব ২০২৫’
অন্যান্য বছরের মতো এবারও ২৩ ও ২৪ ডিসেম্বর, দুই দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে আলোচনা সভা, বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে জেলা শিল্পকলা একাডেমি, হবিগঞ্জ প্রাঙ্গণে। আয়োজনে রয়েছে পার্থ-সঞ্জীব স্মৃতি পরিষদ, হবিগঞ্জ।
এই উৎসবকে কেন্দ্র করে প্রতি বছর স্মরণ করা হয় দুই প্রখ্যাত —কবি, কথাসাহিত্যিক ও সাংবাদিক পার্থসারথি চৌধুরী এবং কবি, সংগীতশিল্পী ও সাংবাদিক সঞ্জীব চৌধুরী।
পার্থসারথি চৌধুরী ১৯৫১ সালের ২৫ ডিসেম্বর নবীগঞ্জ উপজেলার আঘনা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে একজন সংগঠক হিসেবে সক্রিয় ছিলেন। তাঁর সাহিত্যচর্চা ও সাংবাদিকতা দীর্ঘ সময়জুড়ে অব্যাহত ছিল।
অন্যদিকে, সঞ্জীব চৌধুরী জন্মগ্রহণ করেন ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর, বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে। তিনি তাঁর গানের মাধ্যমেই দেশজ সংস্কৃতি ও জনমানুষের কথা তুলে ধরেন, পাশাপাশি ছিলেন একাধারে কবি ও সাংবাদিক।
উৎসবে বক্তারা তাঁদের সাহিত্য, সংগীত ও সাংবাদিকতা নিয়ে নানা দিক আলোচনা করছেন। বইমেলায়ও স্থান পেয়েছে নানা সাহিত্য সংস্কৃতির বই
এ উৎসবের মূল উদ্দেশ্য হচ্ছে কবি-সাংবাদিক-কথাসাহিত্যিক পার্থসারথি চৌধুরী এবং কবি-সাংবাদিক ও সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর স্মৃতি ও অবদানের প্রতি শ্রদ্ধা জানানো।
দুই দিনে চলবে আলোচনা সভা, বইমেলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ আয়োজন শুধু স্মরণ নয়, বরং নতুন প্রজন্মকে সাহিত্য, সংস্কৃতি ও সংগীতের চর্চায় অনুপ্রাণিত করাও এর অন্যতম উদ্দেশ্য।
এই আয়োজন ঘিরে হবিগঞ্জ শহরের সাংস্কৃতিক অঙ্গনে বইছে উৎসবের আমেজ। স্থানীয় শিল্পী, লেখক ও সংস্কৃতিপ্রেমীরা উৎসবে অংশগ্রহণ করছেন উৎসাহের সঙ্গে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা