
ঠাকুরগাঁও প্রতিনিধি,হাসিনুজ্জামান মিন্টুঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সাপের দংশনে মিরা (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) গভীর রাতে উপজেলার কামারপুকুর ইউনিয়নের পতনডোবা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত মিরা গ্রামের মিজানুর রহমান ওরফে মিজান ড্রাইভারের একমাত্র মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতে বাড়িতে অবস্থানকালে হঠাৎ একটি বিষধর সাপ মিরাকে দংশন করে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
মিরার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়। একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার বাবা-মা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।
প্রতিবেশী ও সহপাঠীরা জানান, মিরা ছিল নম্র, মেধাবী ও সবার প্রিয় একজন শিক্ষার্থী। তার অকাল মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।
এদিকে, কিশোরীর মৃত্যুতে এলাকার বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা