
আমজাদ হোসেন, কুমিল্লা প্রতিনিধি:ঢাকার নতুন বাজার ১০০ ফিট সড়কের একটি বাসায় গ্যাস বিস্ফোরণজনিত অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার দুইজনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় গুরুতর দগ্ধ অপর একজন বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন।
জানা যায়, গত মঙ্গলবার ভোরে রাজধানীর নতুন বাজার ১০০ ফিট সড়কের একটি দুই কক্ষের ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের পর আগুনে দগ্ধ হন একই পরিবারের তিন সদস্য। স্থানীয়রা তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৪ জুলাই) রাত ১টার দিকে শিশু হাফছা মারা যায়। এরপর শনিবার সকালে মারা যান শাহিন। বর্তমানে শাহিনের স্ত্রী ফাহিমা আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত শাহিন কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর ইউনিয়নের বাঙ্গুরী গ্রামের মো. মোমেনের ছেলে। তার স্ত্রী ফাহিমা দেবিদ্বার পৌর এলাকার মো. গোলাম হোসেনের মেয়ে। নিহত শিশু হাফছা ফাহিমার বড় বোনের কন্যা (নাতনি)।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় ফ্ল্যাটে শাহিন, তার স্ত্রী ফাহিমা এবং তাদের নাতনি হাফছা অবস্থান করছিলেন। গ্যাস লিক হ’য়ে বিস্ফোরণের পর তিনজনই গুরুতর দগ্ধ হন।
এদিকে, শাহিনের মরদেহ ঢাকা থেকে নিজ গ্রামের বাড়ি বাঙ্গুরীতে আনা হচ্ছে। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা ফাহিমার দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
Leave a Reply