
মাসুদ সরকার,বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:’৩৬ জুলাই’ স্মরণে এবং ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। র্যালিটি বেলকুচি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, জেলা বিএনপির সদস্য মো. গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক আহ্বায়ক মো. নুরুল ইসলাম গোলাম, সাবেক সদস্য সচিব মো. বনি আমিন, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আলতাফ হোসেন প্রামাণিক এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম শফি।
এছাড়াও বেলকুচি পৌর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতী দল, কৃষক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক নেতাকর্মী র্যালিতে অংশ নেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা, কৃষক, শ্রমিক ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সংঘটিত গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। সেই আন্দোলনের স্মৃতি সংরক্ষণ, গণতান্ত্রিক চেতনা জাগ্রত রাখা এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে বেলকুচিতে এ বিজয় র্যালির আয়োজন করা হয়েছে।
বক্তারা আরও বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে। পরে র্যালিটি শান্তিপূর্ণভাবে শেষ হলে সংক্ষিপ্ত দোয়া ও সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply