
নূরুজ্জামান ফারুকী,হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক বাংলাদেশি নাগরিক এবং মানব পাচারে সহযোগিতার অভিযোগে আরও দুইজনকে আটক করেছে বিজিবি।বৃহস্পতিবার (১৮ জুন) ভোর সাড়ে ৬টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীন ধর্মঘর বিওপির একটি টহল দল উপজেলার মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ১৯৯৪/৪-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালীকচ্ছ গ্রামের উজ্জ্বল চন্দ্র দেব (৩৫), মাধবপুর উপজেলার ফতেহপুর গ্রামের মোশারফ হোসেন (২৮) এবং মোহনপুর গ্রামের রাহুল (২২)।সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, উজ্জ্বল চন্দ্র দেব ভারতের আগরতলায় বসবাসরত তার অসুস্থ বোনকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে ১০ হাজার টাকার বিনিময়ে দালালচক্রের সহায়তায় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেন। এ সময় বিজিবির টহল দল তাকে এবং এ কাজে সহযোগিতার অভিযোগে আরও দুইজনকে আটক করে।
Leave a Reply