
মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধি :ঢাকা জেলার সাভারের আশুলিয়ায় ডিবি (উত্তর) পুলিশের পৃথক দুটি বিশেষ অভিযানে মোটরসাইকেল এবং বিপুল পরিমাণ মাদকসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে ১ কেজি গাঁজা, ২০ লিটার চোলাই মদ এবং ৫১ পিস ইয়াবা ট্যাবলেট।
ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
শুক্রবার (৩ এপ্রিল) রাত ১২টা ৩০ মিনিটের দিকে এসআই মোঃ মতিউর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এসময় মাদক কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হল, ইউসুফ আলী (৪৫) ও তার স্ত্রী মোসাঃ শিল্পী বেগম (৪০)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ কেজি গাঁজা (আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা) ও মোঃ আরিফ হোসেন রাজু (২৬), তাকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং ২০ লিটার চোলাই মদসহ (আনুমানিক মূল্য ২০ হাজার টাকা) আটক করা হয়।
অপরদিকে নরসিংহপুর লালপাহাড় সিটিতে
একই দিন ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে এসআই মোঃ আরিফুল ইসলামের নেতৃত্বে অন্য একটি দল আশুলিয়ার নরসিংহপুর লালপাহাড় সিটি এলাকায় অভিযান চালায়। সেখান থেকে বিদ্যুৎ সরকার (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ১৫ হাজার ৩০০ টাকা।
ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। ১নং আসামি ইউসুফ আলীর বিরুদ্ধে ৫টি ও ৪নং আসামি বিদ্যুৎ সরকারের বিরুদ্ধে ৫টি মাদক মামলাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply