
মোঃ ইমরান হোসেন হৃদয়,শার্শা (যশোর) প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় স্বাস্থ্যবিধি না মানা ও নানা অনিয়মের অভিযোগে চারটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার অংশ হিসেবে বাগআঁচড়া এলাকার বিভিন্ন ক্লিনিকে আকস্মিক পরিদর্শন চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে জোহরা মেডিকেল সেন্টার এবং বাগআঁচড়া নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া আল-মদিনা প্রাইভেট অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও জনসেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম বলেন, জনস্বার্থে নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম চালানো হচ্ছে। পরিদর্শনে বিভিন্ন প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি অমান্য ও অনিয়মের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অভিযান চলাকালে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. সুবেন্দু বিশ্বাস এবং শার্শা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply