
সাকিব হোসেন,জাককানইবি প্রতিনিধিঃ ‘ঐক্য, নিষ্ঠা ও সৃজনশীলতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাককানইবিসাস) এক যুগ পূর্তি উদযাপন করা হয়েছে। আনন্দ র্যালি, বৃক্ষরোপণ, ক্যালেন্ডার ও ডায়েরি উন্মোচন এবং সেমিনারের মধ্য দিয়ে সোমবার (১০ আগস্ট) দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য আনন্দ র্যালির আয়োজন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের চত্বরে বৃক্ষরোপণ ও কেক কাটার মাধ্যমে এক যুগ পূর্তি উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে নতুন বছরের ক্যালেন্ডার ও ডায়েরি উন্মোচন করা হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। সাংবাদিক সমিতির সভাপতি মোছা. জান্নাতী বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ সাদের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “সাংবাদিকরা আমার বিশ্ববিদ্যালয়ের অহংকার ও অ্যাম্বাসেডর। তারা সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন। বস্তুনিষ্ঠ সত্য প্রকাশ করা যেমন সাংবাদিকদের অধিকার, তেমনি প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষা করাও আমাদের সবার দায়িত্ব।”
সাংবাদিকতার নীতি ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের অর্জিত সাফল্যগুলো সাংবাদিকরাই মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেন। তাই চাটুকারিতা নয়, বরং সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আদর্শ মেনে চলতে হবে। এই মহান পেশাকে কলুষিত না করে সত্য ও সততার সঙ্গে কাজ করলে ব্যক্তিগত ও জাতীয় জীবনে তা সম্মানের আসনে অধিষ্ঠিত করবে।”
সেমিনারে বিশেষ বক্তব্য দেন ‘দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস’-এর হেড অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া এবং সার্ক জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক শিয়াবুর রহমান (শিহাব) ও আল জাজিরার সাংবাদিক মওদুদ আহমেদ সুজন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. সাখাওয়াত হোসেন সরকার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান এবং ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ১২ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম, শিক্ষার্থীদের সমস্যা, সম্ভাবনা ও অর্জনসহ ক্যাম্পাসের নানা বিষয় গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা করে আসছে। চলতি বছরের ১২ মে সংগঠনটি এক যুগে পদার্পণ করে।
Leave a Reply