
মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধি:সাভারে পৃথক দুটি স্থানে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে ও রাতে পরিচালিত এসব অভিযানে ৫০ পিস ইয়াবা এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ রিপন মিয়া (২২), পিতা- মোঃ কামরুজ্জামান ও মোঃ আঃ জলিল (৬৫), পিতা- মৃত আঃ রহমান।
রবিবার (২৬ এপ্রিল) ঢাকা জেলা ( উত্তর) ডিবি পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। শনিবার বিকেল ৫টা ৩০ মিনিটে ডিবির এসআই শেখ মফিজুর রহমানের নেতৃত্বে একটি দল সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এসময় রিপন মিয়াকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে ৫০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।
একই রাতে ১০টা ৪৫ মিনিটে এসআই মোঃ আঃ হাইয়ের নেতৃত্বে অপর একটি দল দক্ষিণ শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে আঃ জলিলকে গ্রেফতার করে। তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।
ঢাকা জেলা ডিবি পুলিশ জানান, গ্রেফতারকৃতরা এলাকায় পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আজ (রবিবার) দুপুরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ডিবির পক্ষ থেকে আরও জানানো হয় যে, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এই ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
Leave a Reply