
আমজাদ হোসেন,কুমিল্লা: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে বাংলাদেশ পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সাদা রঙের পিকআপ গাড়িও জব্দ করা হয়।
শনিবার ভোরে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফারুক হোসেন। তার সঙ্গে ছিলেন এসআই সুজন কুমার আচার্য্য, এএসআই মোঃ কামরুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স।
পুলিশ জানায়, গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া এলাকার একটি কাঁচা রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় পিকআপটি উদ্ধার করা হয়। পরে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে ৬০ কেজি অবৈধ গাঁজা জব্দ করা হয়।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপের চালক, মালিক ও সহযোগীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানা-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
ওসি মোহাম্মদ ফারুক হোসেন বলেন, “অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।”
এদিকে দেবিদ্বার/ব্রাহ্মণপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহিন জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের অপরাধে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
Leave a Reply