
মোঃ আমজাদ হোসেন,বিশেষ প্রতিনিধি: কুমিল্লাঃ
কুমিল্লার চান্দিনা পৌর ভূমি অফিসের এক পিয়ন শরীফুল ইসলাম এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। মাত্র আট বছর আগে চাকরিতে যোগ দেওয়া এই পিয়নের নামে অভিযোগের পাহাড়—ভূমি অফিসের পুরো কার্যক্রমই তিনি নিজের নিয়ন্ত্রণে রেখেছেন বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, খাস জমি দখল বুঝিয়ে দেওয়া, খারিজ ও দাখিলার নামে ঘুষ আদায়, জাল কাগজপত্র তৈরি, ভুয়া দাখিলা সৃজন, বাজারের খাস জায়গা থেকে চাঁদা আদায়— এমন অসংখ্য অনিয়মে জড়িত এই পিয়ন শরীফুল ইসলাম। স্থানীয়দের দাবি, তিনি গড়ে তুলেছেন বিশাল এক দালাল সিন্ডিকেট, যার মাধ্যমে চান্দিনা পৌর এলাকার ভূমি সংশ্লিষ্ট প্রতিটি কাজেই তার অনুমতি প্রয়োজন।
অনুসন্ধানে জানা যায়, ২০১৭ সালে পিয়ন পদে যোগ দেওয়ার পর শরীফুলের সম্পদের পরিমাণ আশ্চর্যজনকভাবে বেড়ে যায়। বর্তমানে চান্দিনা সদরের শান্তিবাগ আবাসিক এলাকায় তার চারতলা ভবন, একাধিক দামী প্লট, কৃষিজমি ও ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেনের প্রমাণ মিলেছে। আনুমানিক ২০ কোটি টাকার দৃশ্যমান সম্পদের মালিক হয়েছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর বাজারের প্রায় ৫০টি দোকান ভিটির খাজনা নবায়নের নামে শরীফুল লাখ লাখ টাকা ঘুষ নিয়েছেন। খাস জায়গা দখলে সহযোগিতা করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু নেতার সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন তিনি।
এক ব্যবসায়ী জানান, “খাস জায়গায় দোকান তুলতে হলে শরীফুলকে টাকা দিতে হয়। ৫০ হাজার থেকে শুরু করে কয়েক লাখ পর্যন্ত নেয়।”
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে শরীফুল ইসলাম প্রতিবেদককে বলেন,
“কাজের ক্ষেত্রে কিছু ভুল-ত্রুটি তো হয়েই যায়। আপনি (প্রতিবেদক) আমার বাবা, আমার গার্ডিয়ান। রিপোর্ট করে ক্ষতি কইরেন না, আমি আপনার পায়ে পড়ি।”
চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর বলেন,
“পিয়ন শরীফুলের বিরুদ্ধে বহু অভিযোগ এসেছে। সেবাপ্রত্যাশীদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়েও আমরা অবগত হয়েছি। তার অস্বাভাবিক সম্পদ ও অনিয়মের বিষয়ে তদন্ত করা হবে।”
Leave a Reply