
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলা ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক তাঁর নিজের দশম শ্রেণিতে পড়ুয়া কিশোরী (১৫) মেয়েকে বাল্য বিবাহ দিয়ে বৌভাত অনুষ্ঠানের আয়োজন করায় ওই শিক্ষককে কৈফিয়ত তলব করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদ। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বাক্ষরিত কৈফিয়ত তলব সংজ্রান্ত একটি চিঠি ওই শিক্ষকের কাছে পাঠানো হয়েছে। ধর্মপাশা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদ বলেন, ওই শিক্ষকের কিশোরী মেয়ে ময়মনসিংহ শহরের একটি বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থী। তিনি গোপনে তাঁর মেয়েকে বাল্যবিবাহ দিয়েছেন এবং গত বুধবার ওই শিক্ষকের বাড়িতে বৌভাতের অনুষ্ঠানের আয়োজন করেন। এ সংক্রান্ত প্রমাণাদিও আমি পেয়েছি। এটি বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭এর পরিপন্থি এবং শাস্তিযোগ্য অপরাধ। তাই এই শিক্ষকের এহেন কার্যকলাপের জন্য কেন তাঁর বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হবে না তার সন্তোষজনক জবাব যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আগামী তিন কার্যদিবস (আগামী রবিবারের মধ্যে) ওই শিক্ষককে কৈফিয়ত তলবের জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।ওই শিক্ষক বলেন, আমি কৈফিয়ত তলব সংক্রান্ত চিঠিটি পেয়েছি।
Leave a Reply