
মোহাম্মদ রবিউল ইসলাম,ভোলাহাট,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাজারামপুর মৌজাধীন সরকারি খাস খতিয়ানভুক্ত জমি থেকে কোনো প্রকার বৈধ অনুমতি ছাড়াই অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা গেছে, একটি প্রভাবশালী চক্র আইন-কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দীর্ঘদিন ধরে এই অপকর্ম চালিয়ে যাচ্ছে। এতে একদিকে যেমন সরকারি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে স্থানীয় জনমনে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক।
সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, সদর উপজেলার ইসলামপুর এলাকার রাজারামপুর মৌজার সরকারি খাস জমিতে এই অবৈধ কর্মকাণ্ড চলছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রভাবশালী মৃত আয়েশ উদ্দীনের ছেলে হাবিবুর রহমান এবং কালু মিয়ার ছেলে মোঃ মামুন এই দুই ব্যক্তির নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে জোরপূর্বক মাটি ও বালু উত্তোলন করছে।
এলাকাবাসীর ভাষ্যমতে, অভিযুক্ত ব্যক্তিদের পেছনে রয়েছে এক বিশাল ‘মাস্তান বাহিনী’। তাদের ভয়ে স্থানীয় সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পাচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি জানান, বাধা দিতে গেলেই বাহিনীটির পক্ষ থেকে হুমকির মুখে পড়তে হয়। যার ফলে সরকারি সম্পদ লুট হওয়া সত্ত্বেও কেউ প্রতিবাদ করার সাহস পায় না।
সরকারি বিধি-নিষেধ অমান্য করে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে ওই এলাকায় পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি রাস্তাঘাটও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলাকাবাসী অতি দ্রুত জেলা প্রশাসন ও স্থানীয় ভূমি অফিসের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং এই অবৈধ মাটি উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত হাবিবুর রহমান ও মোঃ মামুনকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে— এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয়রা।
Leave a Reply