
ছাম্মি আহমেদ আজমীর:‘সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ করি,পরিবেশ রক্ষা করি’এই প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বছরে পাঁচ কোটি গাছ রোপণ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে অবস্থিত আব্দুল আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজে এডমিকি ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় প্রায় ১৫ শ’ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস।
প্রধান অতিথির বক্তব্যে ভিপি অমর কৃষ্ণ দাস বলেন,বৃক্ষ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল বাতাস,ছায়া ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করে। তারেক রহমানের সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়কে সামনে রেখে আমাদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগাতে হবে এবং সেই গাছের পরিচর্যা করতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ। তাদের হাত ধরেই একটি সবুজ,সুন্দর ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে উঠবে।
তিনি আরও বলেন, শুধু গাছ বিতরণ করলেই হবে না প্রতিটি শিক্ষার্থীকে গাছের প্রতি দায়িত্বশীল হতে হবে। একটি চারা রোপণ করে সেটিকে বড় করে তোলাই হবে আমাদের প্রকৃত সাফল্য। আসুন আমরা সবাই মিলে পরিবেশ রক্ষায় এগিয়ে আসি।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র রায়,সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য রুহল আকতার সোহেল,সিরাজগঞ্জ জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক আবু হাশেম তালুকদার, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম -আহ্বায়ক তানভীর শাকিলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply