
আমজাদ হোসেন,বিশেষ প্রতিনিধি, কুমিল্লাঃ কুমিল্লার দেবিদ্বার উপজেলায় মাদক কারবার ও চোরাকারবারের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে নারীসহ পাঁচজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ অর্থ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে দেবিদ্বার সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মাসুদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুরসহ বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক কারবারিদের নিজ নিজ বাসা থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে বিল্লাল হোসেন ওরফে বিল্লু (৩৫), তার ছোট ভাই মো. জালাল উদ্দিন পিন্টু (২৮), একই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. মহসীন মিয়া (৫২), তার স্ত্রী আমেনা আক্তার (৪৫) এবং সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে মো. পাভেল মিয়া (২৩)। বিল্লাল হোসেন বিল্লু দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং বর্তমানে বহিস্কৃত।
পুলিশ জানায়, অভিযানে মো. মহসীন মিয়ার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩৫ হাজার ৭০০ টাকা, বিল্লাল হোসেনের কাছ থেকে ৫৮ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল, জালাল উদ্দিন পিন্টুর কাছ থেকে ৫০ পিস ইয়াবা, আমেনা আক্তারের কাছ থেকে ৪০ পিস ইয়াবা এবং পাভেল মিয়ার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে ২২৮ পিস ইয়াবা জব্দ করা হয়।
অভিযান শেষে আটককৃতদের দেবিদ্বার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মতিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৮ ধারায় তাদের বিরুদ্ধে মামলা (মামলা নং–১৯) দায়ের করা হয়েছে।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদক বিক্রি ও সেবনের পাশাপাশি চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ দখলসহ একাধিক অভিযোগ রয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে আসামিদের কুমিল্লা আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা নিয়ে অভিযোগ ছিল। সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে বলে তারা জানান।
Leave a Reply