
কে এম ইমরান,রাংগামাটি প্রতিনিধিঃপাহাড়ি এলাকায় শীতের তীব্রতা বাড়তে থাকায় মানবিক সহায়তার অংশ হিসেবে পাঁচ শতাধিক অসহায় ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ বুধবার ২৪ ডিসেম্বর সকালে ছোট হরিনা জোন ফুটবল মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে শীতকষ্টে থাকা দরিদ্র পরিবারের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারো বিজিবি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী।
তিনি নিজ হাতে অসহায় ও শীতার্ত পরিবারের সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় ব্যাটলিয়ন জোন এলাকার বিভিন্ন এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের নারী-পুরুষরা উপস্থিত থেকে সহায়তা গ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বারো বিজিবি জোন কমান্ডার বলেন, পার্বত্য জেলা রাঙামাটির দুর্গম বরকল উপজেলায় শীতের প্রকোপ তুলনামূলকভাবে বেশি হওয়ায় গরীব ও অসহায় মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে। বিশেষ করে দুর্গম ও প্রত্যন্ত এলাকার অনেক মানুষ পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবনযাপন করছে। তাদের এই কষ্ট লাঘবের লক্ষ্যেই বিজিবির পক্ষ থেকে এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, বাংলাদেশে বিজিবি শুধু দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষার দায়িত্বই পালন করছে না, বরং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নিয়মিতভাবে দেশের বিভিন্ন দুর্যোগপ্রবণ ও প্রত্যন্ত এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণ, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা, চিকিৎসা সেবা প্রদান এবং পুনর্বাসন কার্যক্রম বিজিবির চলমান মানবিক উদ্যোগের অংশ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে শীতের তীব্রতা বৃদ্ধির প্রেক্ষাপটে বারো বিজিবির এই উদ্যোগ স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে স্বস্তি ফিরিয়েছে।
Leave a Reply