
সজিব আহমেদ,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নির্বাচনী বার্তা পৌঁছে দিতে ময়মনসিংহের ভালুকায় বিশেষ ‘ভোটের গাড়ি’র প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফিরোজ হোসেন। এ সময় তিনি উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকদের সাথে নির্বাচনী প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।
ভোটার পরিসংখ্যান ও প্রস্তুতি:
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৫৬ ময়মনসিংহ-১১ (ভালুকা) সংসদীয় আসনে এবারের মোট ভোটার সংখ্যা ৩,৫৮,৬৫৯ জন। বিশাল এই জনগোষ্ঠীর কাছে ভোটাধিকারের গুরুত্ব এবং ভোট প্রদানের সঠিক পদ্ধতি পৌঁছে দিতেই নির্বাচন কমিশনের এই বিশেষ উদ্যোগ।
অংশীজনদের অংশগ্রহণ:
সকাল থেকেই উপজেলা পরিষদ চত্বরে এক আনন্দঘন পরিবেশ বিরাজ করে। উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং নির্বাচনের সকল প্রধান অংশীজনরা এই কার্যক্রমে অংশ নেন। সাধারণ ভোটারদের কেন্দ্রেমুখী করা এবং একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ বজায় রাখতে এই প্রচারণা কার্যকর ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলা প্রশাসনের বক্তব্য:
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ হোসেন বলেন, “ভোটের গাড়ি মূলত ভোটারদের দোরগোড়ায় নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়ার একটি মাধ্যম। আমরা চাই প্রতিটি নাগরিক তাদের গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন হোক। ১৫৬ ময়মনসিংহ-১১ আসনের তিন লক্ষাধিক ভোটারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
উপজেলা পরিষদ চত্বরে অবস্থানের পর গাড়িটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জনপদ ও বাজার এলাকায় প্রচারণার উদ্দেশ্যে রওনা হয়। ডিজিটাল স্ক্রিন ও মাইকিংয়ের মাধ্যমে ভোটারদের বিভিন্ন তথ্য প্রদানই এই কার্যক্রমের মূল লক্ষ্য।
Leave a Reply