
মুমিন আহমদ মারুফ, সিলেট প্রতিনিধি:সিলেট ও এর পার্শ্ববর্তী জেলাগুলোতে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ৫ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিটি মৃত্যুই আলাদা আলাদা ঘটনার সাথে জড়িত—কোথাও আত্মহত্যা, কোথাও দুর্ঘটনা, আবার কোথাও রহস্যজনক মৃত্যু। এসব ঘটনায় জনমনে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কানিশাইলে কিশোরীর ঝুলন্ত লাশ
শনিবার সকালে সিলেট নগরীর কানিশাইল এলাকা থেকে ১৪ বছর বয়সী এক কিশোরী রেশমা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মেয়েটি শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ছিল। পারিবারিক সূত্রে জানা যায়, বাবার সাথে অভিমান করে সে এমন চরম সিদ্ধান্ত নিতে পারে।
জকিগঞ্জে ধানক্ষেতে বৃদ্ধের লাশ
একইদিন দুপুরে সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রাম মাদারনগর এলাকার একটি ধানক্ষেত থেকে মাহমুদ আলী (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা জানান, মৃত্যুর আগে একটি অপরিচিত ব্যক্তি তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ঘটনাস্থলে পাওয়া গেছে একটি টর্চলাইট, একজোড়া জুতা ও একটি গ্লাভস। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ট্রেন থেকে পড়ে নারীর মৃত্যু
শনিবার সকাল ৮টায় মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে চলন্ত ট্রেন থেকে পড়ে যান হাওয়া বেগম (৪০)। তিনি একহাত হারানো ভিক্ষুক ছিলেন এবং ট্রেনে ভিক্ষা করতেন বলে জানা গেছে। ট্রেনের চাকায় তার পা কেটে গেলে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪
সিলেট-মৌলভীবাজার মহাসড়কের দুর্লভপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আল-আমিন (২৮) নামে এক যুবক নিহত হন। দুর্ঘটনায় আরও ৪ জন আহত হন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
লেকে ডুবে বৃদ্ধের মৃত্যু
শমশেরনগর চা-বাগানের লেকে শুক্রবার নিখোঁজ হওয়া রামলাল রবিদাস (৭৫)-এর লাশ শনিবার উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরিবার জানায়, তিনি গোসল করতে গিয়ে আর ফিরে আসেননি। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
Leave a Reply