
শফিকুল ইসলাম সোহেল, ঢাকা জেলা উত্তর(সাভার)প্রতিনিধি :
সাভারে বেরাঈদ এলাকায় আলোচিত আবু সাঈদ হত্যাকান্ডের ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে আজ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। পরে তাদের সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়। আজ (২৭ অক্টোবর) সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মোঃ জালাল উদ্দিন।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে আবু সাঈদ হত্যার আসামী রাজবাড়ী এলাকায় আত্নগোপনে আছে। এ সংবাদে একটি টিম আজ সোমবার ভোররাতে রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে বেরাইদের আলীজানের ছেলে কালাম ও একই এলাকার মৃত মতি মিয়ার ছেলে সোলেমান কে গ্রেফতার করে। পরে তাদের সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।
জানা যায়, গত ২২ অক্টোবর সাভার বনগাঁও ইউনিয়নের বেরাইদ এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে সাবেক আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীরের নেতৃত্বে কুপিয়ে হত্যা করা হয় বিএনপি নেতা আবু সাঈদকে। এ সময় আহত হয় আরও দশজন। ২৩ অক্টোবর সাভার মডেল থানায় এ ব্যাপারে ২৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
গ্রেফতারকৃতরা ওই মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়াও অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানায় ডিবি।
Leave a Reply