
শফিকুল ইসলাম সোহেল,ঢাকা জেলা উত্তর সভার প্রতিনিধি :
আশুলিয়ায় গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই ছিনতাইকারী ও মাদকসহ অপর দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ রাতে পৃথক সময়ে তাদের চারজনকে গ্রেফতার করা হয় বলে তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) জালাল উদ্দিন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত একটার দিকে ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর বাসষ্ট্যান্ড থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে বরিশালের রতন মিয়ার ছেলে আশিকুল ইসলাম স্বপন ও পঞ্চগড় এলাকার শহীদুল ইসলামের ছেলে নবাব নামে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার-ধামরাই এলাকায় ছিনতাই করে আসছিল বলে প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করেছে।
অপরদিকে গভীর রাতে আশুলিয়ার ঘোষবাগের সরকার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মানিকগঞ্জের আব্দুল রাজ্জাকের ছেলে আলফাজ ও পাবনার ফরিদ উদ্দিনের ছেলে শাকিব হাসান নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও ৫শ গ্রাম গাঁজা জব্দ করা হয়। তাদের চারজনকে পৃথক মামলায় থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
Leave a Reply