
নিজস্ব সংবাদদাতাঃ সিরাজগঞ্জের কাজিপুরে এক রাজমিস্ত্রির বাড়ি থেকে ৮৬ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা।
৫ নভেম্বর (মঙ্গলবার) বিকেলে কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের নতুন মাইজবাড়ি এলাকার রাজমিস্ত্রি শফিকুল ইসলামের বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির এসব চাল উদ্ধার করা হয়।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তারের নেতৃত্বে এ অভিযানে সহায়তা করেন কাজিপুর উপজেলা আর্মি ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরিফুল ইসলাম।
ভারপ্রাপ্ত ইউএনও সাবরিন আক্তার এ তথ্য নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর সদস্যরা জানতে পারেন ওই বাড়িতে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল মজুত রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৩০ কেজি ওজনের ৮৬ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। মোট চালের পরিমাণ ২৫৮০ কেজি। তবে এ চাল মজুতের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় খাদ্য পরিদর্শক বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
Leave a Reply