
মো: আল হাসান,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাট জেলা পরিষদের তহবিল থেকে খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির সুবিধাবঞ্চিত শিক্ষার্থী মোরসালিন মিনহাজকে নতুন পাঠ্যপুস্তক প্রদান করা হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওই শিক্ষার্থীর হাতে নতুন বইগুলো তুলে দেন জেলা পরিষদের প্রশাসক মো. মাসুদ রানা প্রধান।
মোরসালিন মিনহাজ জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর গ্রামের আনোয়ার হোসেন ও রাজু বেগম দম্পতির ছেলে। তিনি খঞ্জনপুর উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির নিয়মিত শিক্ষার্থী।
বই বিতরণকালে খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মীর হোসেন এই উদ্যোগের প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে এ ধরনের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জেলা পরিষদ প্রশাসক মো. মাসুদ রানা প্রধান বলেন, ‘শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এবং সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে জেলা পরিষদের পক্ষ থেকে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে। ’
Leave a Reply