
শফিকুল ইসলাম সোহেল (সাভার প্রতিনিধি) : আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামি শ্রমিকলীগ নেতা নাজমুল হক ইমুকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে জুলাইয়ের গণঅভ্যুত্থানের ছাত্র-জনতা হতাহতের ঘটনায় একাধিক মামলার রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাকে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে।
গত রাতে র্যাব-৪ একটি টিম ইমুকে গ্রেফতার করে থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়ার থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৪ এর একটি টিম তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ইমু আশুলিয়ার জামগড়া এলাকার বাসিন্দা। তিনি আশুলিয়া থানা শ্রমিক লীগের প্রচার সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সদস্য বলে জানা যায়।
জানা যায়, ইমু ৫ আগষ্টের পরই গা ঢাকা দেন। সম্প্রতি এলাকায় এসে আওয়ামী নেতা-কর্মীদের বিভিন্নভাবে সংগঠিত করছিলেন।
আশুলিয়ার থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান বলেন, রাতে ছাত্র-জনতা হত্যার মামলার এক আসামীকে থানায় হস্তান্তর করেছে র্যাব। তাকে ৭দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানোসহ আইনগত কার্যক্রম অব্যাহত আছে বলেও জানান তিনি।
Leave a Reply