
মোঃ আমজাদ হোসেন,বিশেষ প্রতিনিধি, কুমিল্লা উত্তরঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকায় বিষাক্ত মদপানে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বাখরাবাদ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন—দক্ষিণ বাখরাবাদ গ্রামের মৃত মহাদেব সরকারের ছেলে তপন চন্দ্র সরকার (৫০) এবং মৃত নিত্যন চক্রবর্তীর ছেলে পলাশ চক্রবর্তী (৩৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে স্পিরিট জাতীয় বিষাক্ত অ্যালকোহল (মদ) পান করার পর অসুস্থ হয়ে পড়েন তপন ও পলাশ। পরিবারের লোকজন তাদের মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পলাশ চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন। তপন চন্দ্র সরকারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিকেলে বাঙ্গরা বাজার থানা পুলিশ পলাশের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে তপনের লাশ পুলিশ আসার আগেই দাহ করা হয়।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোমিওপ্যাথি দোকান থেকে সংগৃহীত স্পিরিট জাতীয় অ্যালকোহল পান করার ফলে তাদের মৃত্যু হয়েছে। পলাশের লাশ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply